শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

রাজদীপ ভট্টাচার্য'এর কবিতাগুচ্ছ

 রাজদীপ ভট্টাচার্য'এর কবিতাগুচ্ছ




সংসার 


১

তিনি আসবেন এমন ভেবে 

বিছিয়ে রাখি মন

আর কিছু নেই, এই মাত্র 

আমার আয়োজন


২

তাঁর জন্য ফুল ফোটে

হাওয়ায় দোলে পাতা

আপন ভোলা সাঁই আমার 

খেয়াল করেন না তা


৩

সূর্যকে রোজ ছুটি দেন

চাঁদের পালা আসে

তিনিই দিন তিনিই রাত

পৃথিবী মান্দাসে


৪

সবকিছুরই প্রভু তিনি 

সবার তিনি শিষ্য

তিনি মালিক, ধনীর ধনী

সর্বহারা নিঃস্ব


৫

তিনিই চাকা, তিনিই রথ

তিনিই সারথী

তিনিই জাড্য, তিনি দ্রুতি

অগতি ও গতি


৬

তিনিই আমি তিনিই তুমি 

এক আধারে সব

তিনি আকাশ তিনি ভূমি 

শব ও উৎসব


৭

কোথাও নেই শুরু, তাঁর

কোথাও নেই শেষ 

সবকিছুরই মাঝে তিনি 

থাকেন নিরুদ্দেশ 


৮

তাঁরই জল, তাঁরই বাতাস

তিনিই লবণ, চিনি

তিনিই ক্ষুধা, তিনিই খাদক

এবং আমিই তিনি 


৯

তাঁর কাছেই আসা, ফিরে

তাঁর কাছেই যাওয়া 

তাঁর কাছেই থাকা এবং 

তাঁকেই খুঁজে পাওয়া


১০

তিনিই আমি, আমিই তিনি 

সকল সারাৎসার

আমিই তিনি, তিনিই আমি 

জমাটি সংসার 



কবি পরিচিতি ~


রাজদীপ ভট্টাচার্য কবি ও সম্পাদক।বারাকপুরে বেড়ে ওঠা।

ভূগোলে স্নাতকোত্তর। পেশায় শিক্ষক। 

বিভিন্ন সময়ে 'কলাম', 'উনপত্র' প্রভৃতি পত্রিকা সম্পাদনার সাথে যুক্ত ছিলেন। 

বর্তমানে 'বারাকপুর স্টেশন পত্রিকা'র সম্পাদক।


প্রকাশিত কাব্যগ্রন্থ -- 'ম্যাজিক চেয়ার', 'বিষাদ বৃক্ষের ফুল' এবং 'বাড়ি ফেরার পথ'।  



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বাঙালির পুরনো কাসুন্দি ।। বারাকপুর স্টেশন পত্রিকা

  বাঙালির পুরনো কাসুন্দি      — উষ্ণিক ভট্টাচার্য  কাসুন্দি বাঙালির এক চিরকালীন ঐতিহ্য। রান্না ও স্বাদের জগতে বাংলার একটি গুরুত্বপূর্ণ সংযোজ...